আইসিটি খাতে জামানতবিহীন ঋণ সুবিধা চালু করলো প্রাইম ব্যাংক
আইসিটি খাতে ৫০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেবে প্রাইম ব্যাংক। বাংলাদেশের বর্তমান অর্থবাজারে আইসটি এমএসএমই খাত বিবেচনায় এই খাতে ঋণ দেয়া হবে। প্রদেয় ঋণে দুই মাসের গ্রেস সময় সুবিধা দেয়া হবে।
ব্যতিক্রমী সেবা দেয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠার রজত জয়ন্তীতে মঙ্গলবার এই সেবাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের আইসিটি খাতের ‘দুঃসময়ে বন্ধু’ উল্লেখ করে এই সেবাটির উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ভার্চুয়াল এই উদ্বোধনী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, প্রাইম ব্যাংকের এমএসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ এম ওমর তৈয়ব, ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান নাজমুল করিম চৌধুরী এবং বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ।
অনুষ্ঠানে ‘মাথা পিছু মেধাসম্পদ-কে দেশের সবচেয়ে বড় সম্পদ’ উল্লেখ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি। টেস্টিং, ট্রেসিং সবক্ষেত্রেই প্রযুক্তি ব্যবহার করছি। এরফলে আইসিটিতে আমাদের স্থানীয় বাজারও বাড়ঝে। আগামী ছয় মাসের মধ্যে আমাদের সফটওয়্যার খাতের জন্য বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই সম্ভাবনা কাজে লাগাতে উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করতে হবে।
মেধা সম্পদকে গুরুত্ব দিয়ে অন্য ব্যাংকগুলোকে প্রাইম ব্যাংকের অনুসরণ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বেসিস ও আইসিটি ডিভিশন যৌথভাবে আইডিয়া, মডেল, অর্থ, টেকনোলজি এবং কোলাবরেশন এই ৫টি বিষয় নিয়ে কাজ করছি। এমন সময়ের কোভিড-১৯ এর ধাক্কা মোকাবেলায় প্রাইম ব্যাংকের এই উদ্যোগ আইসটি খাতের জন্য দুঃসময়ের বন্ধুত্বের পরিচয় দিয়েছে।
প্রসঙ্গত, আইসিটি খাতের উদ্যোক্তাদের অর্থায়নসহ যাবতীয় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির ফলে আইসিটি প্রতিষ্ঠানগুলো ওয়ার্কিং ক্যাপিটাল (সিসি, ওডি ও ডিমান্ড লোন), ফিক্সড অ্যাসেট ক্রয় ও ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য টার্ম লোন, ইন্টারন্যাশনাল ট্রেড সল্যুশন (এলসি, এলএটিআর, আইডিবিপি), ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি ক্ষেত্রে অর্থায়ন সুবিধা পাবে। ডিপোজিট সুবিধা ও ই-ট্রানজেকশনের জন্য ইন্টারনেট ব্যাংকিং - অ্যালটিচুড- সার্ভিস পাবে। লোনের জন্য দুই বছরের ব্যবসার অভিজ্ঞতা ও বেসিসের সুপারিশ পত্রের প্রয়োজন হবে। বেসিসের সদস্যবৃন্দ যাতে ঘরে বা বাসায় বসেই লোনের আবেদনসহ যাবতীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে সেজন্য প্রাইম ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার নিয়োগ করেছে।
অবশ্য আইসিটি খাতের অন্যন্য সংগঠনের ব্যবসায়ীদেরও আইসিটি বিভাগের মাধ্যমে এই ঋণ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ।